
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সকলের উদ্দেশে পুলিশের পক্ষ থেকে জরুরি বার্তা দেওয়া হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এ সংক্রান্ত একটি বার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ হেডকোয়ার্টার্স দেশের সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে।
বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।











