মঙ্গলবার, ১২ই মে, ২০২৬
২৯শে বৈশাখ, ১৪৩৩

কম শুল্কে আমদানি, তবুও বাজারে পেঁয়াজের দাম কমেনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে অব্যাহত রয়েছে কম শুল্কে ভারতীয় পেঁয়াজ আমদানি। দিনে প্রায় ১২ থেকে ১৮ ট্রাক করে পেঁয়াজ ২০ শতাংশ শুল্কে আমদানি হলেও কমার পরিবর্তে বাজারে উল্টো বেড়েই চলছে এসব পেঁয়াজের দাম।

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত তিনদিনে ২০ শতাংশ শুল্কে ৩৪ ট্রাকে ৯৭৮ মেট্রিকটন ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে বর্তমানে বন্দরের পাইকারি মোকামে প্রতিকেজি ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে ৮৭ টাকায় এবং নাসিক ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে যেমন অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা তেমনি পণ্যটির দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা।

আজ সকালে হিলি খুচরা বাজারের তথ্য অনুযায়ী প্রতিটি দোকানেই দেখা গেছে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ এবং খুচরা বাজারে মানভেদে ৮৫-৯০ টাকা কেজি দরে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে। অন্যদিকে হিলির খুচরা বাজারে ১০৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ।

এ বিষয়ে হিলি বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ভারত সরকার পেঁয়াজের শুল্ক কমানোতে ক্রেতারা যা আশা করছিলেন বাজারে তার সম্পূর্ণ উল্টো চিত্র। আর বিক্রেতারা বলছে বন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ার ফলেই নাকি তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছে ভারতীয় পেঁয়াজ আর তার সঙ্গেই তাল মিলিয়ে বাড়তে পারে দেশি পেঁয়াজের দামও।

মন্তব্য করুন