
অনলাইন ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আশা করি খুব শিগগিরই রোডম্যাপ দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, যে কমিশনগুলো করা হয়েছে তারাও ডাকবে।’
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-মানবাধিকার প্রসঙ্গ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘অনেকগুলো কাজ নির্ধারণ হওয়ার পর রোডম্যাপ হবে। মাত্র দুই মাস, এর মধ্যে কেউ এখানে গণ্ডগোল করছেন, কেউ ওখানে গণ্ডগোল করছেন। আবার ভয়াবহ বন্যা। প্রশাসনকে রিঅর্গানাইজ করতে হচ্ছে।’
অর্ন্তবর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমরা চেষ্টা করছি, ছয়টি সংস্কারের কথা বলা হয়েছে। এগুলো অনেক বড় ধরনের সংস্কার। তিন দিন বা তিন মাসে হবে না। এগুলোর দায়িত্বে যারা আছেন তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করবেন। রাজনীতিকদের সঙ্গে আলোচনা না করলে এগুলো টেকসই হবে না।’
সভায় সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক মো. নূর খান, মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম, নারী অধিকার কর্মী ইলিরা দেওয়ান, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, গণফোরামের কার্যনির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
খবরটি পড়েছেনঃ 277










