প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ
জিয়াউল-তারেক সিদ্দিকীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
আদালত প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১০ জন উর্ধ্বতন সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি নিউমার্কেট থানায় এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।
বাদী হয়ে মামলা করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. ক. (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী।
এ মামলায় আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদীন, র্যাবের সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত), ডিবির সাবেক ডিসি মো. আব্দুল বাতেন, মো. মোখলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এসি মাহমুদ নাসের জনি, ডিবির সাবেক পরিদর্শক মো. আবু আজিফ ও সিরাজুল ইসলাম খান।
মামলার আবেদনে বলা হয়, বাদী তৌহিদুল ইসলামকে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। দুই দিন গুম করে রাখার পর ২৯ ডিসেম্বর তাকে দুটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলেও সাধারণ ডায়েরিও (জিডি) নথিভুক্ত করা হয়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন বাদী তৌহিদুল ইসলাম।
Copyright © 2026 ক্রাইম ফোকাস ২৪. All rights reserved.