প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ
জমাতুল আনসার সদস্যদের জামিন বাতিল

আদালত প্রতিবেদক: ২৪ ঘণ্টার ব্যবধানে কথিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার ৩২ সদস্যের জামিন বাতিল করেছে বান্দরবানের জেলা ও দায়রা জজ।
মঙ্গলবার চারটি মামলায় গ্রেফতার হওয়া ৩২ সদস্যের জামিন দিয়েছিলেন বান্দরবানের জেলা ও দায়রা জজ মো: মোসলে উদ্দিন। এ ঘটনা সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর বুধবার এই জামিন পুনরায় বাতিল করেছেন একই বিচারক।
গত বছর পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেয়া ও উগ্রবাদী তৎপরতার অভিযোগ তুলে বান্দরবানের রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি ও জেলা সদর থেকে র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চারটি মামলায় তাদের গ্রেফতর দেখানো হয়। তাদের বিরুদ্ধে কেএনএফের আস্তানায় অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেয়া ও উগ্রবাদী তৎপরতার অভিযোগ তোলা হয়।
দীর্ঘ শুনালির পর মঙ্গলবার বান্দরবানের জেলা ও দায়রা জজ মো: মোসলে উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন। সরকার পক্ষের উকিল (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম জানিয়েছেন, রায়ে আসামিরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও জামিন আবেদনে তাদের এলাকার কোনো জামিনদার নেই বলে উল্লেখ করা হয়।
ইমান হোসেন নামের এক ব্যক্তি প্রত্যেকের জামিনদার এবং তার বাড়ি বান্দরবান জেলায়। অথচ কোনো আসামিদের বাড়ি বান্দরবান নয়। জামিনের শর্ত অনুযায়ী আসামিরা স্ব স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান না করায় জামিনের শর্ত লঙ্ঘিত হওয়ায় জামিননামা গ্রহণ করা হয়নি এবং মঙ্গলবার দেয়া জামিন আদেশ বাতিল করা হয়।
Copyright © 2026 ক্রাইম ফোকাস ২৪. All rights reserved.