
নিজস্ব প্রতিবেদক: প্রায় আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাত পৌনে একটার দিকে কোতোয়ালী থানার জামালখান সড়কে প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক এ মিছিল বের করে।
এদিকে রাজপথে হঠাৎ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শনিবার বিকেল তিনটায় জামালখান মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত পৌনে একটার দিকে জামালখান মোড় থেকে একটি ঝটিকা মিছিল চেরাগি মোড়ের দিকে চলে যায়। এসময় মিছিলের অগ্রভাগে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেয়।
স্বৈরাচারের সমর্থকদের মধ্যরাতে ঝটিকা মিছিলের বিষয়ে ক্ষুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের রক্তরঞ্জিত রাজপথে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা স্লোগান দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। এ প্রতিবাদে শনিবার বিকাল তিনটায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী। তিনি জনান, আমরা সনাক্ত করছি। ১০-১২ জন তরুণ বিচ্ছিন্নভাবে সাড়ে ১২ পর থেকে নিরিবিলিতে থেকে ২-৩ মিনিট স্লোগান দিয়ে সরে পড়ে। আমরা ফেসবুকে দেখেছি আরকি। নানাভাবে কয়েক মিনিট স্লোগান দিয়ে সট করে অলিগলিতে ঢুকে পড়ে। আমরা একজনকে গ্রেফতার করছি। সে ৪ আগস্ট ছাত্র আন্দোলন বিরোধী হামলার ঘটনায় লিপ্ত ছিল।
তার নাম ঠিকানাসহ বিস্তারিত থানায় গিয়ে দিবেন বলেও জানান থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
খবরটি পড়েছেনঃ 371










