
বিগত সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জাতীয় আয়কে নিয়ে খেলাধুলা করা হয়েছে, মূল্যস্ফীতির তথ্য বিকৃত করা হয়েছে, রফতানি আয়ের পার্থক্যের কারণে লেনদেনের ভারসাম্যে সমস্যা তৈরি করা হয়েছে। বিকল করে দেয়া হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেয়া হয়েছে; কিন্তু আইএমএফকেও ফাঁকি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাতারাতি পরিবর্তন তো আসবে না। এত দিন কোনো নির্বাচনী অঙ্গীকার ছিল না, জবাবদিহি ছিল না। এ রকম একটা ব্যবস্থার পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের বিস মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: অর্থনৈতিক নীতিমালা প্রসঙ্গ’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জাতীয় আয়কে নিয়ে খেলাধুলা করা হয়েছে, মূল্যস্ফীতির তথ্য বিকৃত করা হয়েছে, রফতানি আয়ের পার্থক্যের কারণে লেনদেনের ভারসাম্যে সমস্যা তৈরি করা হয়েছে। বিকল করে দেয়া হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। ডামি সংসদে দাঁড়িয়ে এক মিনিট কথা বলে ব্যাংকের পরিচালকদের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে। বিচার বিভাগকেও প্রভাবিত করা হয়েছে স্বার্থগোষ্ঠীর মাধ্যমে।
রাষ্ট্রের অর্থনৈতিক সংস্কারের ওপর মনোযোগ দেয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমলারা কীভাবে রাজনীতিবিদ, রাজনীতিবিদ কীভাবে ব্যবসায়ী, ব্যবসায়ী কীভাবে রাজনীতিবিদ হলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অসহায় করে ফেলা, আইন প্রণেতাদের স্বার্থভোগী হয়ে ওঠা এ দুষ্টচক্র নিয়ে কেউ প্রশ্ন করেনি। প্রাতিষ্ঠানিক, নির্বাচনী সংস্কারের সঙ্গে সঙ্গে অর্থনীতি বিষয়ক সংস্কারেও মনোযোগ দিতে হবে।
সিজিএসের চেয়ার মুনিরা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। এতে এফবিসিসিআইয়ের তিন সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন ও মো. জসিম উদ্দিন, বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) ও সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর, আবু ইউসুফ, সায়মা হক বিদিশা ও শাহিদুল ইসলাম জাহিদ, ঢাকা চেম্বারের দুই সাবেক সভাপতি সবুর খান ও আসিফ ইব্রাহিমসহ অন্যরা বক্তব্য রাখেন।
খবরটি পড়েছেনঃ 532










