রবিবার, ১০ই মে, ২০২৬
২৭শে বৈশাখ, ১৪৩৩

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল, মহাসচিব মাজহারুল

Judicial service

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সভাপতি ও মহাসচিবসহ ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

সারা দেশের ২ হাজার ১৮৫ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। তবে ২ হাজার ৩৫ জন ভোটার ভোট প্রদান করেন।

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব, মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এ নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউ‌টের প‌রিচালক মো. সা‌ব্বির ফ‌য়েজ ও বাংলা‌দেশ জুডিসিয়াল সা‌র্ভিস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মো. জা‌কির হো‌সেন গা‌লিব ও মহাস‌চিব মোহাম্মদ ফারুকসহ বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য বিচারক।

জানা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই সংগঠনকে কুক্ষিগত করে রাখে একটি মহল। ঘুরে ফিরে নেতৃত্ব থাকে ওই সিন্ডিকেটের হাতে। ফলে দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের কোনো নির্বাচন হয়নি। এতে ক্ষুব্ধ ছিলো অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকরা। অবশেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন সরকার ঘনিষ্ঠ যেসব বিচারক দীর্ঘদিন ধরে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবসহ বিভিন্ন পদ দখলে রেখেছিলেন রাজনৈতিক পটপরিবর্তনে পর তারা পদত্যাগ করেন। অবশেষে পরিষ্কার হয় নির্বাচন অনুষ্ঠানের পথ। এরপর গঠন করা হয় নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিচারকরা বলছেন, এই সংগঠনকে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। কারণ অধস্তন আদালতের যেসব বিচারক রায় বা আদেশ দিয়ে অন্যায় আচরণের শিকার হয়েছেন তার বিরুদ্ধে কোনো বক্তব্য বা বিবৃতিও দেয়নি সংগঠনের তৎকালীন নেতারা। ফলে বিচারকদের মনে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সেই ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম। কমিশনার ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শানু আকন্দ। ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই ভোট অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে নির্বাচন আয়োজনের বিষয়টি অবহিত করেন।

মন্তব্য করুন

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল, মহাসচিব মাজহারুল

Judicial service

মন্তব্য করুন