
আদালত প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার পতনের দিন গেল ৫ আগস্ট বিকেলে আনন্দ মিছিলে গুলি করে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গুলিবিদ্ধের ঘটনায় নিহত মো. আলমের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর ডবলমুরিং থানায় হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে গুলিবর্ষণে মৃত্যুর এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, আনিসুল ইসলাম মাহমুদ, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ।
মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ পুলিশ লাইনের সামনে আনন্দ মিছিল বের হয়। ওই মিছিলে অভিযুক্তদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। এতে আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবরটি পড়েছেনঃ 284










